মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুজনকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মাবুদ, এসআই হাবিবুর রহমানসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে অবৈধভাবে কারেন্ট জাল নিজেদের হেফাজতে রাখায় আবুল হোসেন (৫৫) ও খোরশেদ আলম (৬২) নামের দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার নির্দেশে নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রশাসন জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধ জাল ব্যবহার এবং মাছ শিকারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights