কমিউনিটি ক্লিনিকের নাম হবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার
ইউএনবি
দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার ময়মনসিংহে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনকালে সরকারের স্বাস্থ্য অবকাঠামো ও সেবার মান উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি এ কথা জানান।
এর আগে, সকালে মন্ত্রী ফুলবাড়িয়া ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে যান।
মমেক হাসপাতালের বিভিন্ন অনিয়মে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী, যার মধ্যে ছিল ময়লার স্তূপে চিকিৎসা সরঞ্জাম পাওয়া এবং চিকিৎসক ও নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়া।
দুপুরের দিকে হাসপাতাল পরিদর্শনকালে তিনি প্রসূতি ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় চিকিৎসার মান, ওয়ার্ডের পরিবেশ ও শৌচাগারগুলোর অবস্থাও পর্যবেক্ষণ করেন তিনি।
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। হাসপাতালের ময়লার স্তূপে ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পাওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি।
দায়িত্ব পালনে অবহেলা এবং সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সাখাওয়াত হোসেন।
এছাড়া গাইনি ওয়ার্ডের একজন রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে হলো কেন, তা জানতে চান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এছাড়া এক মাসেরও বেশি সময় আগে হাসপাতালে হওয়া অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ার কারণও জানতে চান তিনি। কর্তৃপক্ষ জানায়, ছুটির কারণে প্রতিবেদন জমা দিতে দেরি হচ্ছে।
এর আগে, ফুলবাড়িয়া ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, দুটি স্বাস্থ্য কমপ্লেক্সই ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এছাড়া আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার বড় আকারের দরপত্র আহ্বান করা হবে। এর মাধ্যমে দেশজুড়ে জেলা-উপজেলা হাসপাতালের চিকিৎসক সংকট পূরণ, সরঞ্জামাদি ও অবকাঠামো উন্নয়ন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোর নাম পরিবর্তন করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার করা হবে।
পরিদর্শনকালে মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
