যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার ছক ‘চূড়ান্ত’ করেছে ইরান: গোয়েন্দা প্রধান

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিকদের ওপর হামলার জন্য ইরানের পরিকল্পনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন শুক্রবার এই সতর্কতা দিয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশের পরই এই তথ্য সামনে এল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো একটি স্মারকলিপিতে জে ক্লেটন জানিয়েছেন, মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করতে ইরান তাদের তৎপরতা ব্যাপকভাবে বাড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য কিছু দেশে মার্কিন নাগরিকদের হত্যার এই ছক এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাসের কর্মীদের নিরাপত্তার বিষয়ে তারা প্রতিনিয়ত নতুন তথ্য মূল্যায়ন করছেন। হুথিদের হামলার হুমকি ও ইরানের সন্ত্রাসী পরিকল্পনার তথ্যের ভিত্তিতেই কর্মী রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

চলতি মাসে সৌদি আরবে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এর মধ্যে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো একটি হামলা ছিল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এই ক্রমবর্ধমান হামলার জেরে চলতি সপ্তাহে সৌদি আরব থেকে জরুরি নয় এমন মার্কিন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেয় ওয়াশিংটন। এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে এবং গত জুলাই মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলা করার আগেও একইভাবে কর্মীদের সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, তারা ইরানের ওপর ‘এপিক ফিউরি’ নামের আরও একটি ছোট আকারের হামলা চালাতে পারেন। তবে কখন এই হামলা হতে পারে, সে সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতাসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights