দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবাইকে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। তিনি বলেছেন, যেকোনো দুর্যোগে সবাই একসঙ্গে কাজ করলে ক্ষয়ক্ষতি মোকাবিলা সহজ হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

রবিবার (২৫ অক্টোবর) বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবানের ৫ হাজার ৬৩০টি বন্যাকবলিত পরিবারের জন্য এ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।

প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলার ৪ হাজার ৬৩০টি এবং রোয়াংছড়ি উপজেলার ১ হাজার পরিবার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পাবে। হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন সরকারের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে তালিকাভুক্ত পরিবারগুলোর মধ্যে সহায়তা বিতরণ করা হবে।

বন্যার্তদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা এগিয়ে আসায় তিনি তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের চেয়ারপারসন মং থুই চিং মারমা, উপনির্বাহী পরিচালক চিন্ময় ম্রো ও প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ।

আয়োজকেরা জানান, প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় পর্যায়ক্রমে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights