‘দ্বিতীয় হলোকাস্টের’ ঝুঁকি, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আতঙ্কের বার্তা নেতানিয়াহুর
অনলাইন ডেস্ক
ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আতঙ্কের বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তেল আবিবে পারমাণবিক হামলার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করে তিনি সতর্ক করেছেন, ইরানকে মোকাবিলা করতে ব্যর্থ হলে ইসরায়েলিরা ‘দ্বিতীয় হলোকাস্টের’ ঝুঁকিতে পড়তে পারেন। নির্বাচনের মাত্র দুই দিন আগে তাঁর এমন বক্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ডানপন্থী রাজনৈতিক বিশ্লেষক ইউভাল ব্লুমবার্গের সতর্কবার্তা উদ্ধৃত করে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন একটি ‘বাস্তব ও সুনির্দিষ্ট অস্তিত্ব সংকটের’ মুখোমুখি। তাঁর ভাষায়, ‘ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায়, তাহলে অন্য কোনো কিছুরই আর মূল্য থাকবে না।’ সরকারের বিরুদ্ধে চলমান কাতারগেট কেলেঙ্কারি এবং অতি-অর্থোডক্স সম্প্রদায়ের সদস্যদের সেনাবাহিনীতে নিয়োগ না দেওয়ার মতো বিতর্ককে তিনি ‘বিশাল ধোঁয়াশা’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে প্রশ্ন তোলেন, মধ্য ইসরায়েলে দুটি পারমাণবিক বোমা আঘাত হানলে এসব বিতর্কের আর কোনো গুরুত্ব থাকবে কি না।
নেতানিয়াহুর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত। তাঁর মতে, এটিই হতে পারে সেই পদক্ষেপ নেওয়ার শেষ সুযোগ। তিনি সতর্ক করে বলেন, ‘আমরা যদি এই ঐতিহাসিক সুযোগটি হাতছাড়া করি, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না।’ ইরানকে মোকাবিলায় অন্য কোনো নেতা সক্ষম নন বলেও দাবি করেন তিনি। ভোটারদের উদ্দেশে তাঁর সতর্কবার্তা, ভুল সিদ্ধান্ত তাঁদের পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।
তবে নেতানিয়াহুর এই বক্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন সমালোচকদের একাংশ। তাঁদের ধারণা, আগামী ২৭ অক্টোবরের নির্বাচন পিছিয়ে দিতে অথবা ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত করতে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর চেষ্টা করছেন তিনি। নেতানিয়াহু অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, একটি গোপন বৈঠকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির জানিয়েছেন, নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর মতো কোনো সামরিক প্রয়োজন তিনি দেখছেন না।
নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইয়াশার দলের চেয়ারম্যান গাডি আইজেনকোট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নেতানিয়াহুকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করেন। আইজেনকোটের ভাষায়, প্রতিটি নির্বাচনের আগে নেতানিয়াহু একই কৌশল অনুসরণ করেন—মিথ্যা বলা ও ভয় দেখানো। এবার গণবিধ্বংসের আশঙ্কা তুলে ইসরায়েলি নাগরিকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে নেতানিয়াহু সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আইজেনকোট বলেন, আগামী দুই দিন পর ব্যালটের মাধ্যমে ইসরায়েলের জনগণ এর জবাব দেবে।
এদিকে, ডেমোক্র্যাটসের চেয়ারম্যান ইয়ার গোলানও নেতানিয়াহুর পোস্টের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কটাক্ষ করে লেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তেল আবিবের ওপর পারমাণবিক বোমা হামলার একটি ছবি প্রকাশ করেছেন। নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং তাঁদের ওপর চাপ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেতানিয়াহুকে দূরে রাখার আহ্বান জানান গোলান। আগামী মঙ্গলবারের নির্বাচনে আতঙ্ক ছড়ানো ব্যক্তিদের বিদায় করে ইসরায়েলে নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
