বান্দরবানে আধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

বান্দরবান প্রতিনিধি

পাহাড়ের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আগামী এক বছরের মধ্যে বান্দরবানে অত্যাধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। পাশাপাশি থানচি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট আধুনিকায়নেরও আশ্বাস দেন তিনি।

রবিবার সন্ধ্যায় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরীসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিসত্তার ভাষা, লোকসংগীত, নৃত্য, পোশাক ও ঐতিহ্য বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। এসব ঐতিহ্য সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তরুণ প্রজন্মকে ঐতিহ্যবাহী শিল্পচর্চায় সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ের প্রতিটি জাতিসত্তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য রয়েছে। মাতৃভাষা, ইতিহাস, শিল্প ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের অংশ।

সভায় স্থানীয় সাংস্কৃতিক প্রতিনিধিরা সংস্কৃতিচর্চার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights