সৌদিতে আটকে পড়া ৪০ ওমরাহ পালনকারী দেশে ফিরেছেন

বাসস

সৌদি আরবে হামলার ঘটনায় আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য নিরাপদে দেশে ফিরেছেন। রবিবার দুপুরে জেদ্দা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় পরিচালক (হজ) মো. লোকমান হোসেন, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় এসব ওমরাহযাত্রী আটকে পড়েন। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সমন্বয় করা হয়। সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে অবস্থানরত ওমরাহযাত্রীদের দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর তাঁদের আপ্যায়নের পাশাপাশি নিজ গন্তব্য সিরাজগঞ্জ শহরে পৌঁছে দিতে ব্যক্তিগত তহবিল থেকে যানবাহনের ব্যবস্থাও করা হয়।

কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী নিয়মিত তাঁদের খোঁজখবর নিয়েছেন এবং সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, হুথি বিদ্রোহীদের হামলায় আহত বাংলাদেশি ওমরাহ কাফেলার সাত সদস্য সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights