ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

বাসস

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডেঙ্গু সমস্যা মোকাবিলায় কেবল তাত্ত্বিক আলোচনা বা সভা-সেমিনারের বৃত্ত থেকে বেরিয়ে এসে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর সমাধান উদ্ভাবনে পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিতে হবে।

তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ডেঙ্গু একটি অত্যন্ত গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মতো জনবহুল শহরে এবং রাজধানীর বিভিন্ন এলাকা ও হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই এ বিষয়ে দীর্ঘসূত্রিতা না করে আমাদের অবিলম্বে মাঠে নেমে ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মন্ত্রী রবিবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে আয়োজিত গুরুত্বপূর্ণ সভায় বৈঠকে ওলবাচিয়া-ভিত্তিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণ বিষয়ে বৈজ্ঞানিক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের প্রস্তাব সংক্রান্ত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সরকারপ্রধানের নির্দেশনা অনুযায়ী বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে বাস্তবভিত্তিক পাইলট প্রজেক্ট বা প্রকল্প গ্রহণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সবাইকে শুধু সভা-সেমিনার বা পডকাস্টে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে সরাসরি কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই প্রকল্প বাস্তবায়নে যেকোনো ধরনের সহযোগিতা প্রদানে তিনি সর্বদা প্রস্তুত রয়েছেন। প্রয়োজনে সংশ্লিষ্ট যে কারো সাথে কথা বলে ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান, যাতে তারা শুধু গবেষণাতেই সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক ও কার্যকর উপায়ে এই জনস্বাস্থ্য সংকটের দ্রুত সমাধান নিয়ে এগিয়ে আসেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন তার বক্তব্যে ডেঙ্গু ও মশা দমনে গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় একক প্রচেষ্টার চেয়ে সম্মিলিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি, জেনেটিক্স এন্ড ইমিওনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝিয়াওং শি। সভায় ডেভিড কুয়েক ইয়ং কি (সিইও), সিমবায়োসি এসইএ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights