মেহজাবীনের সঙ্গে তুলনাকে যেভাবে দেখেন তটিনী

অনলাইন ডেস্ক

দর্শকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে তানজিম সাইয়ারা তটিনী প্রতিনিয়ত নতুন নতুন কাজ দিয়ে ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে।

ছোট পর্দার ২৯ বছর বয়সী অভিনেত্রীকে প্রায়ই শুনতে হয়, তিনি নাকি মেহজাবীন চৌধুরীর মতো।

এমন তুলনা ভালো লাগলেও নিজেকে কখনো মেহজাবীনের জায়গায় কল্পনা করেন না তটিনী। বরং মেহজাবীনের কাজ, পরিশ্রম ও ক্যারিয়ার থেকে শেখার বিষয়টিকেই বড় করে দেখেন তিনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেহজাবীনের সঙ্গে তুলনা নিয়ে কথা বলেন তটিনী। তার ভাষ্যে, এ ধরনের মন্তব্য তাকে অস্বস্তিতে ফেলে না; বরং নিজের ক্যারিয়ার নিয়ে আরও সচেতনভাবে ভাবতে উৎসাহিত করে।

তটিনী বলেন, অনেকেই বলেন- তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ। আসলে কেউ কারো জায়গায় যেতে পারে না।

আমি কারো সঙ্গে নিজেকে তুলনা করব না, কারো জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে, তুলনা করলে ভালো লাগে। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।

তটিনীর বক্তব্যে স্পষ্ট, মেহজাবীনের সঙ্গে তুলনাকে তিনি প্রতিযোগিতা হিসেবে দেখেন না। বরং তার কাছে মেহজাবীনের দীর্ঘ অভিনয়জীবন ও কাজের প্রতি নিষ্ঠা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুসরণীয় উদাহরণ।

এ প্রসঙ্গে তটিনী আরও বলেন, আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তার ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তার পরিশ্রম, তার অনেক অভিজ্ঞতা, তার কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।

অভিনয়ে আসার পর থেকেই মেহজাবীনকে অনুসরণ করার পরামর্শ পেয়েছেন তটিনী। তবে, সেই অনুসরণের বিষয়টি কেবল অভিনয় কিংবা ক্যারিয়ারে সীমাবদ্ধ ছিল না; ব্যক্তিত্ব ও আচরণও ছিল আলোচনায়।

তটিনী বলেন, আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটা কথাই বলেছিলেন, যদি কারও মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, সে মানুষ হিসেবে কেমন, তার আচার-আচরণ সবই ফলো করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights