এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর…

অনলাইন ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলার বিচার থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে নিজের মৃত্যুর ভুয়া প্রমাণ তৈরি করেছিলেন এক ব্যক্তি। অন্ত্যেষ্টিক্রিয়ার ছবিতে এআই দিয়ে নিজের মুখ বসানো, মরদেহের পরিবর্তে ছাগল পুড়িয়ে ফেলা এবং জাল নথির মাধ্যমে মৃত্যুসনদ সংগ্রহ—সবকিছুই করেছিলেন পরিকল্পনা করে। এভাবে প্রায় দেড় বছর আইনের চোখে মৃত থেকে গ্রেফতার এড়িয়ে চললেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন রাজকুমার রাজভর।

রবিবার উত্তর প্রদেশের মৌ জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ২০১৬ সালে যোগেশ সিং হত্যা মামলার আসামি ছিলেন রাজকুমার। ওই মামলার বিচার এড়াতেই নিজের মৃত্যুর মিথ্যা কাহিনি সাজান তিনি। মৃত্যুসনদ আদালতে জমা দেওয়ার পর প্রায় দেড় বছর ধরে গ্রেফতার এড়িয়ে চলতে সক্ষম হন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৩৮ বছর বয়সি রাজকুমার জামিনে ছিলেন। রবিবার সকাল ৯টার দিকে মৌ জেলার খাজাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি নগর পুলিশ। এ অভিযানে সহায়তা করে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) ও নজরদারি দল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মে গাজীপুরে নিজের মৃত্যুর নাটক সাজান রাজকুমার। শ্মশানে চিতার ওপর রাখা একটি মরদেহের ছবিতে এআই প্রযুক্তির সাহায্যে নিজের মুখ বসিয়ে তৈরি করা হয় ভুয়া ছবি। এরপর প্রকৃত মরদেহের পরিবর্তে একটি ছাগল পুড়িয়ে ফেলা হয়। মৃত্যুর ঘটনাটি বিশ্বাসযোগ্য করে তুলতে অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা ও শেষকৃত্যের ছবিও সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ পুলিশের। এসব নথির ভিত্তিতে রাজকুমারের নামে মৃত্যুসনদ ইস্যু করে মৌ পৌরসভা।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুনশিপুরা রেললাইনের কাছে গুলিতে নিহত হন যোগেশ সিং। এ ঘটনায় নিহতের ভাতিজা অবিনাশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার ও তার বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অনুপ কুমার জানান, রাজকুমার দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে তিনি শেয়ারবাজারে লেনদেনের কাজের সঙ্গে যুক্ত হন। শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে বিভিন্ন শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন তিনি।

পুলিশের অভিযোগ, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার দায় থেকেও মুক্তি পেতে নিজের মৃত্যুর মিথ্যা প্রমাণ তৈরি করেন রাজকুমার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দীর্ঘদিন আইনের চোখে মৃত থাকার কৌশল শেষ পর্যন্ত কাজে আসেনি। এবার তাকে আবারও যোগেশ সিং হত্যা মামলার বিচারের মুখোমুখি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights