উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খেয়ে ফেলার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি

অনলাইন ডেস্ক

উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে তাঁদের মরদেহ খেয়ে ফেলার অভিযোগে মুজুরিজি মোজেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রেপ্তারের বিষয়টি জানান উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি অভিযুক্ত মোজেসকে দেশটির ইতিহাসের ভয়ংকর ধারাবাহিক খুনি ও নরখাদকদের একজন হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তাঁর প্রকাশ্যে বিচার এবং দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলেন তিনি।

কাইনেরুগাবা লেখেন, নিরাপত্তা বাহিনী মুজুরিজি মোজেসকে গ্রেপ্তার করেছে। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি মাসাকা, ইবান্দা ও কাজোতে ৩৮ জনকে হত্যা করে তাঁদের খেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় তদন্তকারীদের বরাতে জানা গেছে, মোজেসের বিরুদ্ধে ধারাবাহিক হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। কয়েকটি ঘটনায় ভুক্তভোগীদের সঙ্গে সম্পর্ক গড়ে তাঁদের কাছে টানার পর হত্যা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অতীতেও তাঁকে একাধিকবার আটক করা হয়েছিল বলে জানা গেছে। তবে কীভাবে তিনি ছাড়া পেয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের পর তাঁর বাসভবন থেকে বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এসব অপরাধের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে তদন্তকারীরা ওই অঞ্চলের অমীমাংসিত নিখোঁজের ঘটনা ও হত্যাকাণ্ডের নথিপত্র পরীক্ষা করছেন।

তবে মোজেসের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্তের অগ্রগতি এবং উদ্ধার করা আলামত সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

সূত্র: ফার্স্টপোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights