২০০ রুপির লটারির টিকিটে ৫০ লাখের গাড়ি জিতল ৬ বছরের শিশু

মাত্র ২০০ রুপির একটি টিকিট যে একটা পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন এভাবে পূরণ করে দেবে, তা হয়তো ভাবতেও পারেননি মধ্যপ্রদেশের বুরহানপুরের রায়কওয়ার পরিবার। উপজেলার সেলামপুর এলাকার বাসিন্দা ছয় বছর বয়সী খুদে শিশু মেদাংশ রায়কওয়ার জিতে নিয়েছে প্রায় ৫০ লাখ রুপি মূল্যের একটি ব্র্যান্ড নিউ টয়োটা ফরচুনার গাড়ি।

ঘটনার শুরু শারদীয় দুর্গোৎসবের সময়। আভা পুরীর শ্রী সরকার ধামে আয়োজিত একটি ঐতিহ্যবাহী গরবা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মেদাংশের ঠাকুরমা কিরণ রায়কওয়ার। সেখানে একটি লটারি বা লাকি ড্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মনের খেয়ালেই মাত্র ২০০ রুপি দিয়ে কিরণ দেবী একটি কুপন কেনেন এবং টিকিটটিতে নিজের ছয় বছরের নাতি মেদাংশের নাম নথিভুক্ত করেন।

সম্প্রতি ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সেই লাকি ড্রয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। লটারির ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে যখন ক্ষুদে মেদাংশের নামটি উঠে আসে, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। কারণ, বিগত দুই বছর ধরে এই পরিবারটি একটি নিজস্ব গাড়ির স্বপ্ন লালন করে আসছিল। মাত্র ২০০ রুপির একটি টিকিট যে তাদের এমন এক অবিশ্বাস্য চমক এনে দেবে, তা ছিল তাদের কল্পনারও বাইরে।

লটারি জয়ের সংবাদ ছড়িয়ে পড়তেই মেদাংশদের আবাসন ও পুরো অঞ্চলে আনন্দের জোয়ার নেমে আসে। মেদাংশ এবং তার পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পাড়া-পড়শি ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। ঢোল-সানাই ও বাজনার তালে তালে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। গাড়িটি হস্তান্তরের পর পরিবারটি আনন্দ-উচ্ছ্বাসের মাঝে ঈশ্বরের প্রতি কৃজ্ঞতা জানিয়ে পূজার আয়োজন করে এবং আশীর্বাদ প্রার্থনা করে।

এই ব্যতিক্রমী ও রোমাঞ্চকর জয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। সামান্য ২০০ রুপির কুপনে ৫০ লাখ রুপির গাড়ি জয়ের ঘটনায় নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করছেন।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/এনএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights