আজ বায়ুমান সূচকে ঢাকার অবস্থান কত?
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১৪১, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ২৮৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর।
তথ্যটি জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ১১ তম স্থানে রয়েছে ঢাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। যার স্কোর ২২২। ১৯৬ স্কোর নিয়ে কিরগিজস্তানের রাজধানী বিশকেক তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
