নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের ২ কোটি ৬৪ লাখ টাকার জমি ক্রোক

বাসস

‎‎নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে কুমিল্লা জেলায় থাকা ১৭১ দলিলে রেজিস্ট্রেশন ২ কোটি ৬৪ লাখ টাকার জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রাখার দায়ে দুদক মামলা দায়ের করেন। আদালতের আদেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দফায় আসামি নজরুল ইসলাম মজুমদারের নামীয় কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়।

তদন্তকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মতে জানা যায় যে, আসামির নামীয় স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে আসামি কর্তৃক অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। আসামির নামীয় সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এর বিধান অনুযায়ী অবিলম্বে ক্রোক করা আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights