হরমুজে একের পর এক সুপার ট্যাংকারে আগুন-বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালির অননুমোদিত রুট দিয়ে যাওয়ার সময় নৌ-মাইনের আঘাতে তিনটি তেলবাহী সুপার ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ও জ্বলন্ত জাহাজের ক্রুরা সেগুলোকে প্রণালীর দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
ইসলামি বিপ্লবি গার্ড কোরের নৌবাহিনীর প্রকাশিত এক বিবরণীতে জানানো হয়, সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারগুলো তাদের সমস্ত রাডার ও নেভিগেশনাল সরঞ্জাম সম্পূর্ণরূপে বন্ধ রেখেছিল। পরবর্তীতে তারা আইআরজিসি নৌবাহিনীর সরাসরি নির্দেশ ও বারংবার দেওয়া নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করে অননুমোদিত দক্ষিণ পথ দিয়ে প্রণালি অতিক্রমের চেষ্টা চালায়। এই প্রক্রিয়াতেই তারা সমুদ্রে পেতে রাখা নৌ-মাইনের ওপর উঠে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনার পর এক কড়া হুঁশিয়ারি বার্তায় আইআরজিসি নৌবাহিনী জানায় যে, হরমুজ প্রণালির ওই অননুমোদিত পথটি অত্যন্ত বিপজ্জনক ও অনিরাপদ। এই ঝুঁকিপূর্ণ রুটগুলো ব্যবহারের ক্ষেত্রে যেকোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট জাহাজের মালিক ও ক্রু সদস্যরাই সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। একই সাথে যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের দেওয়া ‘বিভ্রান্তিকর ও অমূলক ভরসায়’ কান না দেওয়ার জন্য জাহাজ পরিচালনাকারীদের প্রতি কঠোর আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রকৃত পরিস্থিতি সমুদ্রের বাস্তবতার ওপরই নির্ভর করে। সন্ত্রাসী ও আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর প্ররোচনায় পরিচালিত যেকোনো উসকানিমূলক পদক্ষেপে যুক্ত হয়ে যারা হরমুজ প্রণালির প্রচলিত নিয়মকানুনকে অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সূত্র: মেহের নিউজ
