বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

অনলাইন ডেস্ক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশেষ করে তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মতবিনিময়কালে ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

তিনি দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তিনি তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন।

উভয়পক্ষ দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights