১২ ছক্কায় ওমরজাইয়ের রেকর্ড, ৪০ বছর বয়সে রাজার সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

শুরুতেই ব্যাটিং বিপর্যয়, মাত্র ৫ রানে ৪ উইকেট নেই। সেখান থেকেই বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের চিত্র বদলে দিলেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাই। তাঁর রেকর্ড গড়া সেঞ্চুরির পর জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও খেললেন দুর্দান্ত শতক। তবে শেষ পর্যন্ত শারজায় বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১৯ রানে হারিয়েছে আফগানিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। মাত্র ৫ রানে চার উইকেট হারানোর পর দলটির সংগ্রহ দাঁড়ায় ৩৮ রানে ৫ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের বিশাল সংগ্রহ গড়ে আফগানরা।

এই প্রত্যাবর্তনের মূল নায়ক ওমারজাই। ছয় নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫০ বলে ১১৬ রানের ঝড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তাঁর ইনিংসে ছিল ১২টি ছক্কা ও পাঁচটি চার।

এই ইনিংসের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে ছয় নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ওমরজাই। এর আগে এই অবস্থানে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৮৯ রান করেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে ব্যাট করতে নেমে ওই ইনিংস খেলেছিলেন তিনি।

আফগানিস্তানের ইনিংসে আরেকটি রেকর্ড গড়েছে ষষ্ঠ উইকেটের জুটি। ওমরজাই ও ইজাজ আহমাদ আহমাদজাই মাত্র ৫৯ বলে ১৪২ রান যোগ করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেট বা তার নিচে এটিই সর্বোচ্চ রানের জুটি। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্দ্রে রাসেল ও শেরফেন রাদারফোর্ডের ১৩৯ রানের জুটি ছিল আগের রেকর্ড।

টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন ইজাজও। পাঁচটি চার ও তিনটি ছক্কায় ২৭ বলে ৫২ রান করেন তিনি। শেষ দিকে রশিদ খানের ছয় বলে চার ছক্কায় ২৫ রানের ক্যামিও আফগানিস্তানের সংগ্রহকে আরও সমৃদ্ধ করে। এরপর বল হাতেও একটি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়েকে লড়াইয়ে রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৬ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল নয়টি ছক্কা ও পাঁচটি চার। তবে রাজার শতক সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে ২০২ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে শতক করার রেকর্ড গড়েছেন রাজা। ম্যাচের দিন তাঁর বয়স ছিল ৪০ বছর ১৮৮ দিন। এর আগে রেকর্ডটি ছিল জিব্রাল্টারের আভিনাশ পাইয়ের দখলে। ২০২১ সালে বুলগেরিয়ার বিপক্ষে ৩৯ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights