ছুটির দিনেও স্বস্তি নেই, ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলার কারণে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের মাত্রা দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ছুটির দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম স্থানে অবস্থান করছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচক থেকে শুক্রবার প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ১৬১। বাতাসের এই মান নগরবাসীদের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স থেকে জানা যায়, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে অবস্থান করছে সৌদি আরবের রিয়াদ, যার বায়ুমান স্কোর ২১৬। রিয়াদের বাতাসের এই মানকে নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এ ছাড়া ১৭০ বায়ুমান স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর এবং ১৬৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৬২ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ঠিক তার পরেই ১৬১ বায়ুমান স্কোর নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের বায়ুর মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ‘অনেক ভালো’ বলে বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মানকে ধরা হয় ‘মাঝারি বা সহনীয়’। বায়ুর মান ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। বায়ুর মান স্কোর ২০১ থেকে ৩০০-এর ঘরে পৌঁছালে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয় এবং স্কোর ৩০১-এর চেয়ে বেশি হলে সেখানকার পরিবেশকে ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরে নেওয়া হয়।
