নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ
অনলাইন ডেস্ক
প্রকৃত ব্যবসায়ীদের কাছে ব্যাংক থেকে নতুন করে দেওয়া ঋণের অর্থ পৌঁছাচ্ছে কি না সে নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়? আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে যেভাবে অর্থ তছরুপ করা হয়েছিল, এখন যে তা হচ্ছে না, সেই নিশ্চয়তা কে দেবে?
তিনি বলেন, একসময় দেশের বেসরকারি ব্যাংকগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছিল। কিন্তু খেলাপি ঋণের কারণে ব্যাংক খাতে সংকটের শুরু হয়।
বর্তমানে ব্যাংক খাতে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঋণ যদি প্রকৃত ব্যবসায়ীদের না দিয়ে আবারও লুটপাটের সুযোগ তৈরি করা হয়, তাহলে অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিস্থিতি তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বেসরকারি ব্যাংকগুলো খারাপ অবস্থা থেকে ধীরে ধীরে ভালো হচ্ছে।
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পুরোপুরি রাজনৈতিক প্রভাবের মধ্যে রয়েছে। প্রত্যেক সরকারই বিভিন্ন সুযোগ দেওয়ার নামে এসব ব্যাংকের অপব্যবহারের সুযোগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, ‘এ সমস্যা বাংলাদেশ ব্যাংক একা সমাধান করতে পারবে না।
