১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ ফল প্রকাশের পর আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আন্ত শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন : HSC DHA 123456 2026।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল সংগ্রহের সুযোগ নেই।
