প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিলেন চতুর্দশ লিও

অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পোপ চতুর্দশ লিও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান প্রেস অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর মাধ্যমে প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি।

ভ্যাটিকান তাদের বিবৃতিতে জানায়, ‘নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের অভ্যাসের ধারাবাহিকতায় তিনি শিকাগোতে তার ডাক-ব্যালট জমা দিয়েছেন। সাধারণ জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার ও দায়িত্বের প্রতি নিজের দৃঢ় বিশ্বাসের কথা ব্যক্ত করেছেন পোপ।’

তবে পোপ লিও কোন প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন, সে বিষয়ে ভ্যাটিকান কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন পোপ লিও। তিনি প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। শিকাগো সান-টাইমসের এক প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বরাতে জানানো হয়, জন্মসূত্রে পাওয়া নাম ‘রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট’ পরিচয়ে ইলিনয় অঙ্গরাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হন তিনি। গত ৩ অক্টোবর ব্যালটের জন্য আবেদন করেছিলেন পোপ।

সম্প্রতি পোপের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। পরে গত ১৩ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে পোপের ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার আর কোনও থেরাপির প্রয়োজন হবে না।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights