সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
নরসিংদী প্রতিনিধি
কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: বিডি প্রতিদিন
এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৫১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
কলেজ সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে সাতটি পরীক্ষায় অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় তিনি অকৃতকার্য হন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন। অন্যদিকে, মানবিক বিভাগে ৩১১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন।
কলেজের অধ্যক্ষ মো. হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় একজন অকৃতকার্য হয়েছে। যার কারণে শতভাগ পাস থেকে বঞ্চিত হয়েছি।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।
