সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে জিপিএ-৫ পেলেন ৭৮ শতাংশ পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি, নীলফামারী

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের মোট পরীক্ষার্থীর ৭৮ দশমিক ৩৫ শতাংশই জিপিএ-৫ পেয়েছেন। ৩২৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৫৭ জন জিপিএ-৫ অর্জন করার পাশাপাশি, প্রতিষ্ঠানটিতে পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩৯ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩২৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে অকৃতকার্য হয়েছেন দুজন।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘আমার মনে হয়, আমাদের প্রতিটি শিক্ষার্থীরই জিপিএ-৫ পাওয়ার যোগ্যতা ছিল। তবে ৩২৮ জনের মধ্যে ২৫৭ জন জিপিএ-৫ পেয়েছেন। দুজন শিক্ষার্থী ফেল করেছেন। প্রতিবারের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রতিযোগিতায় ভালো ফল করবেন বলে আশা করছি।’

উল্লেখ্য, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বনাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় বা টেকনিক্যাল কলেজ। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ রাখে। বর্তমানে কলেজটিতে শুধু বিজ্ঞান বিভাগে পড়াশোনার সুযোগ রয়েছে।

১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল তৈরির লক্ষ্যে এখানে একটি টেকনিক্যাল স্কুল গড়ে তোলা হয়। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights