পাবনায় একই সারিতে ৬ জনের জানাজা, একই কবরস্থানে দাফন
পাবনা প্রতিনিধি
পাবনার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে বজ্রপাতে মারা যাওয়া ছয় জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্তান মাঠে একসঙ্গে তাদের জানাজা শেষে একই কবরস্থানে দাফন করা হয়।
এ সময় শোকার্ত স্বজন ও স্থানীয় এলাকাবাসীর কান্নায় জানাজাস্থলে হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয় ।
নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু কিশোররা সোনাপাতিল (গোপিনাথপুর) বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বিলের মাঝের একটি ‘টং ঘরে’ আশ্রয় নেন। এর কিছুসময় পর আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন। ঘটনার পর বেশ কিছুক্ষণ তারা ওই ছাউনিতেই পড়েছিলেন। পরে সন্ধ্যার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে হতাহতদের উদ্ধার করে।
আহত তিনজনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রশাসন শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মালঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু। তিনি বলেন, শুক্রবার রাতেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলামের উপস্থিতিতে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান হস্তান্তর করা হয়েছে।
পাবনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তামারা তাসবিহা বলেন, নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। সরকারঘোষিত আর্থিক নীতিমালার আওতায় তাৎক্ষণিক সহায়তাও পৌঁছে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আরও কোনো সাহায্যের প্রয়োজন হলে সেটিও বিবেচনা করবে প্রশাসন।
