শ্রেণিকক্ষে টেনে-হিঁচড়ে নিয়ে শিশুকে লাথি, পাথর দিয়ে উপর্যুপরি আঘাত; অতঃপর…

অনলাইন ডেস্ক

ভারতের হরিয়ানার পাঞ্চকুলার একটি স্কুলের শ্রেণিকক্ষে আট বছর বয়সী এক শিশুর হামলায় গুরুতর আহত হয়েছে ছয় বছর বয়সী এক শিশুকন্যা। এ ঘটনায় স্কুলের সিসিটিভি ফুটেজ সামনে আসার পর শিশুদের নিরাপত্তা ও স্কুল কর্তৃপক্ষের তদারকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি পাঞ্চকুলার ‘সংস্কৃতি মডেল স্কুলে’ এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তৃতীয় শ্রেণির ওই ছাত্র কিন্ডারগার্টেনের শিশুকন্যাটিকে টেনে-হিঁচড়ে শ্রেণিকক্ষের ভেতরে নিয়ে যায়। এরপর শিশুটির মাথা দুবার ডেস্কের ওপর আছড়ে ফেলে। পরে মেঝেতে ফেলে লাথি মারতে থাকে। একপর্যায়ে পাথর ও ফুলের টব দিয়ে শিশুটিকে উপর্যুপরি আঘাত করে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যায়। তবে এতেও থামেনি ওই শিশু শিক্ষার্থী। শিশুটিকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার পাশাপাশি লাথি মারতে থাকে সে। প্রায় দেড় মিনিট পর শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায় শিশুটি।

পরে শিশুটির বাবা-মা তাকে স্কুল থেকে নিতে এলে অভিযুক্ত বালকই তাদের শ্রেণিকক্ষে নিয়ে যায়। এ সময় সে বলে, ‘আপকি বাচ্চি ইহা পড়ি হ্যায়’—অর্থাৎ, ‘আপনার মেয়ে এখানে পড়ে আছে’।

এরপর শিশুটিকে দ্রুত পাঞ্চকুলার সেক্টর-৬-এর সিভিল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি ও আঘাতের গুরুতরতার কারণে তাকে চণ্ডীগড়ের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে (পিজিআই) স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এত অল্প বয়সী একটি শিশু কেন এমন সহিংস আচরণ করল, তা জানতে তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভুক্তভোগী শিশুটির চাচার দাবি, অভিযুক্ত শিশুকে তার আচরণের বিষয়ে শিক্ষকদের কাছে অভিযোগ করার কথা বলেছিল শিশুটি। এরপরই তার ওপর হামলা চালায় বালকটি।

তিনি আরও দাবি করেন, ওই বালকের মধ্যে আগেও আক্রমণাত্মক আচরণ দেখা গেছে। এর আগে কুকুরকে মারধরসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল।

এদিকে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছেন হরিয়ানার শিক্ষামন্ত্রী মহিপাল ধান্দা। তিনি ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশ্বস্ত করেছেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তথ্যসূত্র: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights