এইচএসসিতে ফেল, বিকেলে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি
এইচএসসিতে এক বিষয়ে ফেল করায় ভুল সিদ্ধান্ত নিয়ে জীবন দিলো লক্ষ্মীপুরের কমলনগরের ভূমিকা রানি দাস নামে এক শিক্ষার্থী। ‎শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুনানগর এলাকার শশী ভক্তের বাড়িতে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত ভূমিকা রানি একই উপজেলার রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে। সে হাজিরহাট উপকূল সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল।
‎
‎কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, ভূমিকা তথ্য ও প্রযুক্তি বিষয়ে ফেল করেছে। ফলাফল পাওয়ার পর সে দীর্ঘক্ষণ কান্না করেছে। পরিবারের লোকজন তাকে বুঝিয়েছে। কিন্তু মন খারাপ ছিল তার। ঘরের বাইরে মন খারাপ করে বসে ছিল, কারও সঙ্গে কোনো কথা বলেনি। এরপর বিকেলে ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবে এলাহি সানি বলেন, ঘটনাটি শুনেছি। সে এক বিষয়ে ফেল করেছে। এক মাস পর আবার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। ভুল সিদ্ধান্ত নিয়ে মেয়েটা জীবন দিয়ে দিলো। ঘটনাটি দুঃখজনক।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানা নেই। খোঁজ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights