জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই বহিরাগতকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তরা হলেন-রাকিব হোসেন ও মেজবাহ উদ্দিন আহমেদ।

রাকিব মিরপুরের পল্লবী এলাকায় থাকেন এবং তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে। অপর অভিযুক্ত মেজবাহ ঢাকার বারিধারায় থাকেন এবং তার বাড়ি ঝালকাঠি জেলায়।

রবিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকায় এক বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের ছাত্রী। তিনি ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব ও মেজবাহ ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী মিশুর অতিথি। মিশুর মাধ্যমে অভিযুক্তরা ভুক্তভোগীর সাথে পরিচয় হয়। ওইদিন রাতে অভিযুক্তরা ভুক্তভোগীর বাসায় অবস্থান করছিলেন। ওই রাতে ভুক্তভোগী ঘুমিয়ে পড়লে অভিযুক্তরা সেই সুযোগে ধর্ষণচেষ্টা করে বলে জানা যায়।

এ ঘটনায় অভিযুক্তরা গণমাধ্যমের কাছে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন, অভিযুক্ত দুজনকে পুলিশের হাতে সোপর্দ করেছি। পুলিশ অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা খন্দকার বলেন, আমরা অভিযুক্তদের অভিযোগের ভিত্তিতে আইনের আওতায় এনেছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৪ ধারায় মামলা করা হবে। পরে অভিযোগ প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের শাস্তি প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights