ইব্রাহিমই গোল করে বসবে, ভাবেননি বাংলাদেশ কোচ
স্পোর্টস ডেস্ক
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলের জয়ে ম্যাচের নায়ক বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম। তবে এই ফরোয়ার্ডই গোল করে দলকে জেতাবেন, এমনটা ভাবেননি বাংলাদেশের কোচ টমাস ডুলি।
ম্যাচের ৬৩তম মিনিটে বিশ্বনাথ ঘোষকে তুলে ইব্রাহিমকে মাঠে নামান ডুলি। বদলি হিসেবে নামার মাত্র দুই মিনিট পরই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইব্রাহিমকে নামানোর পরিকল্পনার কথা জানান কোচ।
ডুলি বলেন, ‘একটি পর্যায়ে দৌড়াতে দৌড়াতে বিশু (বিশ্বনাথ) কিছুটা হাঁপিয়ে উঠেছিল। আর আপনারা জানেন, বিশু বল হোল্ড করে রাখার মতো খেলোয়াড় নয়। আমাদের এমন কাউকে প্রয়োজন ছিল, যে বল ধরে রেখে শমিত, রাকিব এবং ফাহিমদের ওপরে ওঠার সুযোগ করে দেবে। সেদিক থেকে ইব্রাহিম মাঝমাঠের জন্য একদম আদর্শ ছিল। আমরা শমিতকে ওপরে তুলে দিই।’
কোচ আরও বলেন, ‘শমিত ১০ নম্বর পজিশনে অনেক পরিশ্রম করেছে, নিচ থেকে বল রিসিভ করে আক্রমণভাগে বাড়িয়েছে; কিন্তু তখন সামনে ফিনিশ করার জন্য সে নিজে উপস্থিত ছিল না। তাই আমি ভাবলাম বিশুকে তুলে নিয়ে ইব্রাহিমকে ১০ নম্বরে এবং শমিতকে একেবারে ওপরে খেলানো ভালো হবে। এতে শমিত কিছুটা শক্তি বাঁচিয়ে হেড দিয়ে গোল করার চেষ্টা করতে পারবে। আমি ভাবিনি ইব্রাহিম নিজেই গোল করে বসবে, ভেবেছিলাম সে হয়তো কাউকে দিয়ে গোল করাবে। তবে ভালো ফুটবলাররা এমন মুহূর্ত তৈরি করতেই পারে।’
রাইট-ব্যাকের জায়গায় খেলা বিশ্বনাথকে এদিন আক্রমণভাগের কেন্দ্রে খেলান ডুলি। গোল না পেলেও তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। একই সঙ্গে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।
ডুলি বলেন, ‘হ্যাঁ, খুব সন্তুষ্ট (দলের পারফরম্যান্সে)। আপনি তো আর পুরো ৯০ মিনিট প্রথম ৩০ মিনিটের গতি ধরে রাখতে পারবেন না, এটা বাস্তবে সম্ভব নয়। কারণ প্রতিপক্ষ দলও তো লড়াই করে, তারাও সামনে যাওয়ার দু-একটি সুযোগ পাবে। আমাদের হয়তো মনোযোগে কিছুটা ঘাটতি হয়েছিল কিংবা অতিরিক্ত দৌড়ানোর কারণে কিছুটা ক্লান্তি চলে এসেছিল।’
ভুটানের খেলার ধরন নিয়েও সতর্ক করেন বাংলাদেশ কোচ। তাঁর মতে, প্রতিপক্ষকে ফাঁকা জায়গা দিলে তারা আক্রমণ গড়ে তুলতে পারে।
ডুলি বলেন, ‘ভুটানকে ফাঁকা জায়গা দিলে তারা খেলা তৈরি করতে পারে। তাদের গতি ভালো এবং বল টাচও নিখুঁত। যতক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে শারীরিক লড়াইয়ে থাকতে পারব এবং চাপে রাখতে পারব, ততক্ষণ কোনো সমস্যা হবে না। ওই ১৫ মিনিট আমরা তাদের থেকে বেশি দূরত্ব বজায় রেখেছিলাম। কী কারণে এমনটা হয়েছিল, তা নিয়ে আমরা দলের সঙ্গে কথা বলব। তবে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স নিয়ে আমি নিশ্চিতভাবেই খুশি।’
