চট্টগ্রামে সরকারি কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপর থেকে দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার রাতে ফ্লাইওভারের ওপর থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে সরকারি কার্যালয় দুটির সামনে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে এলজিইডি কার্যালয়ের সামনে পড়া বোমাগুলো ভেঙে গেলেও আগুন ধরেনি। অন্যদিকে, চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রোলবোমায় আগুন জ্বলে ওঠে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তা নিভে যায়।
