টেস্ট ক্রিকেট থেকে অবসরে ভারতীয় পেসার শামি
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
শামির অবসরের ঘোষণায় ভারতীয় ক্রিকেটে অভিজ্ঞ এক পেসারের টেস্ট অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে সাদা বলের ক্রিকেট, অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনো সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নিজের পরিকল্পনারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ভারতের হয়ে দীর্ঘদিনের টেস্ট ক্যারিয়ারে ৬৪ ম্যাচ খেলে ২২৯ উইকেট শিকার করেছেন শামি। তিনি সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এরপর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ফলে ভারতের হয়ে নিয়মিত খেলার সুযোগও হারান এই পেসার।
চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন শামি। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে দারুণ পারফরম্যান্সও করেন তিনি। উইকেট শিকারের পাশাপাশি নিজের ফিটনেস ও বোলিংয়ের ধার ফিরে পাওয়ার প্রমাণ দেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরও ভারতীয় জাতীয় দলে আর জায়গা হয়নি তার।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবং শারীরিক ধকলের বিষয়গুলো বিবেচনায় নিয়েই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতের অন্যতম সফল পেসার হিসেবে বিবেচিত শামি টেস্ট ক্রিকেটে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ৬৪ ম্যাচে তার শিকার ২২৯ উইকেট। নতুন বলে সুইং করানো, পুরোনো বলে রিভার্স সুইং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার সামর্থ্যের কারণে তিনি ভারতীয় বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন।
বিশেষ করে বিদেশের মাটিতে তার বোলিং পারফরম্যান্স ভারতের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতা ও ধারাবাহিকতা দীর্ঘদিন ভারতীয় দলের শক্তি ছিল।
টেস্ট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেটে খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভবিষ্যতে তাকে দেখা যাবে কি না, সেটিই এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহের বিষয়।
