ইরানের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে : ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিনিধিদের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমরা খুব ভালো আলোচনা করছি। তবে এই আলোচনার বিষয়বস্তু কিংবা সম্ভাব্য সমঝোতার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তার প্রশাসন তেহরানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছে। তার এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সম্প্রতি ইরান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এর পেছনে রয়েছে ট্রাম্পের সাম্প্রতিক কয়েকটি বক্তব্য, যেখানে তিনি ইরানের বিরুদ্ধে আবারও ব্যাপক সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছিলেন।

গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বাকি অংশও যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংস’ করতে হতে পারে। এমন কোনো পদক্ষেপ নিলে তা সম্পর্কে মানুষ ‘খুব শিগগিরই জানতে পারবে’।

ট্রাম্পের এই বক্তব্যকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাব্য হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। এর আগে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময়ও তিনি সামরিক পদক্ষেপের পাশাপাশি আলোচনার পথ খোলা রাখার কথা বলেছিলেন।

তবে এবার তেহরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা প্রকাশ্যে জানিয়ে ট্রাম্প নতুন করে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাও সামনে এনেছেন।

বিশ্লেষকদের দৃষ্টিতে, একদিকে আলোচনার কথা বলা এবং অন্যদিকে সামরিক হামলার হুঁশিয়ারি দেওয়ার মধ্য দিয়ে ইরানের ওপর চাপ তৈরির কৌশল নিতে পারে ওয়াশিংটন। অন্যদিকে সম্ভাব্য নতুন হামলা এড়াতে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে তেহরান।

তবে এখন পর্যন্ত দুই পক্ষের আলোচনার আনুষ্ঠানিক কাঠামো, আলোচনার স্থান, অংশগ্রহণকারীদের পরিচয় কিংবা সম্ভাব্য সমঝোতার শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights