ক্যালিফোর্নিয়ায় আকাশে দুই স্কাইডাইভারের সংঘর্ষ, নিহত ২
অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবতরণের সময় আকাশে দুই স্কাইডাইভারের সংঘর্ষে দুজনই নিহত হয়েছেন।
দ্য নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার লেক এলসিনোর এলাকায় অবতরণের সময় ভূমি থেকে প্রায় ৪৫ মিটার (১৪৮ ফুট) উচ্চতায় দুই স্কাইডাইভারের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাঁদের প্যারাস্যুট দুটি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়।
দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
স্কাইডাইভ এলসিনোরের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটির আয়োজনে নারীদের জন্য পরিচালিত একটি প্রশিক্ষণ শিবির চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ডেইড্রে ভিকার্স জানিয়েছেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
