সৌদির আর্থিক প্রাণকেন্দ্রে হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার

অনলাইন ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলার সময় ছড়িয়ে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, হামলার সময় ছড়িয়ে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভবনটিতে আঘাত হানে। এতে ভবনটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

তবে বার্তা সংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের প্রধান আর্থিক এলাকা কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) অবস্থিত আরামকো টাওয়ার হামলার শিকার হয়েছে। তাদের একজনের দাবি, টাওয়ারটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। আরও দু’জন প্রত্যক্ষদর্শী ভবনটিতে ক্ষয়ক্ষতি দেখেছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধের মধ্যে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের সংঘাত নতুন করে তীব্র হয়েছে। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত কিছুটা থেমেছিল। তবে গত জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর থেকে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights