কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষিবান্ধব সরকার। বিএনপি সরকার মনে করে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
আজ রবিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনার আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ক্ষমতায় আসার আগেই তারেক রহমান কৃষকদের ঋণমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। ভোটের আগে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতোমধ্যে সরকার কৃষকদের ঋণমুক্ত করেছে। বিএনপিই একমাত্র সরকার, যারা কৃষকদের উৎসাহিত করা এবং তাদের বাঁচিয়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এ দেশের এখনো ৮০ ভাগ মানুষ কৃষক। আমরা কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
হুইপ দুলু আরও বলেন, তারেক রহমানের সরকার কৃষি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। কৃষকদের সারের সংকট নিরসনে প্রতিটি ইউনিয়নে কৃষকদের জন্য আলাদা সার ডিলার বাড়ানো হয়েছে। এ সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে মানুষকে সারের জন্য লাইনে দাঁড়িয়ে রাস্তায় হৈচৈ, মিছিল-মিটিং করতে না হয়। এ কারণেই সরকার কৃষির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন-২০২৩ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটির সম্মেলন প্রচারাভিযানেও উপস্থিত ছিলেন হুইপ দুলু।
