বাবা-মায়ের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন বাবা-মা। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন অভিযান পরিচালনা করে জামির হোসেনকে (৩৫) ইয়াবাসহ আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত জামির হোসেন উপজেলার ফরদাবাদ দক্ষিণপাড়া এলাকার মো. ফারুক মিয়া ও জহরা বেগমের সন্তান।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামির হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। ছেলের অত্যাচাররে তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছিল। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন অভিযান পরিচালনা করে তাকে আটক করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights