আইসিসির সিদ্ধান্তে লোকসানের মুখে ইংল্যান্ড
অনলাইন ডেস্ক
আগামী বছরে ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যা ৫০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ৬২৭ কোটি রুপি) পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানা গেছে। যদিও গ্রীষ্মকালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ‘অ্যাশেজ’ সিরিজ আয়োজন করবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল ক্ষতির পূর্বাভাসের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণটি হলো ক্রিকেট বোর্ডের মিডিয়া স্বত্ব থেকে আয়ের চক্রাকার প্রকৃতি। এই আয় মূলত ঘরের মাঠে প্রতিপক্ষ কারা তার ওপর নির্ভর করে। এক্ষেত্রে ২০২৭ সালে ভারত সফর না থাকায় এই খাত থেকে আয়ের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয় বড় কারণটি হলো, আইসিসি একটি সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে তারা সদস্য দেশগুলোকে ২০২৭ সালে সম্প্রচার স্বত্ব বাবদ অর্থ প্রদানের কথা ছিল, তার একটি অংশ আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। গেল বছর ইসিবি ১২.৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড মুনাফা অর্জন করেছিল। তবে সেই সময়েই তারা জানিয়েছিল, ২০২৭ সালে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে প্রতিবেদন অনুযায়ী, এই ক্ষতির পরিমাণ ইসিবি-র প্রাথমিক আশঙ্কার চেয়েও অনেক বেশি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্ত অর্থ কমে যাওয়ার প্রভাব কমাতে ইসিবি আইসিসির সঙ্গে কাজ করার পরিকল্পনা করছে। ইসিবি আশাবাদী, ক্ষতির পরিমাণ ৩৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের (প্রায় ৪৩৯ কোটি রুপি) মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হতে পারে। কারণ আইসিসির তরফ থেকে এখনও ঠিক কত পরিমাণ অর্থ আটকে রাখা হবে তা নিশ্চিত করা হয়নি।
আগামী বছরের হিসাব অনুযায়ী ৩১ জানুয়ারি ২০২৮ পর্যন্ত বিস্তৃত থাকায় ইসিবি-র সামনে এখনও বাণিজ্যিক কার্যক্রম এবং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আরও আয় করার সুযোগ রয়েছে। ২০২৮ সাল থেকে শুরু হতে যাওয়া পরবর্তী চক্রে সম্প্রচার স্বত্ব থেকে আয় কম হতে পারে এমন আশঙ্কায় আইসিসি তাদের ১২টি পূর্ণ সদস্য দেশের প্রাপ্য অর্থের একটি অংশ আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে পরবর্তী বছরগুলোতে আয়ের বড় ধরনের পতন কিছুটা সহনীয় পর্যায়ে রাখা যায়।
সাধারণত এই চক্রের শেষ বছরে আয়ের পরিমাণ বেশি থাকে, কারণ সেই সময়ে পুরুষদের ওয়নাডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ক্রিকেট বিশ্বের অন্যান্য অংশের মতোই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতীয় টেলিভিশন সম্প্রচার ও দর্শকদের কাছ থেকে আসা আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সনি পিকচার্সের সঙ্গে তাদের বর্তমান ছয় বছরের চুক্তির মূল্য ১৮৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ২,৩২৩ কোটি রুপি)। তবে ২০২৮ সালে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবং পরবর্তী চুক্তিটি সম্ভবত আগের মতো অতটা লাভজনক হবে না।
বোর্ডের এই বড় ধরনের আর্থিক ক্ষতি ঘরোয়া ক্রিকেটের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কেননা এরই মধ্যে ১৮টি কাউন্টির মধ্যে ১০টিই তাদের সর্বশেষ প্রকাশিত হিসাবপত্রে লোকসানের কথা জানিয়েছে। এই কাউন্টিগুলো তাদের আয়ের একটি বড় অংশের জন্য সরাসরি ইসিবি-র ওপর নির্ভরশীল।
