ভেনেজুয়েলার দুই তেলক্ষেত্র পরিচালনার দায়িত্ব পাচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান

ভেনেজুয়েলায় নিজেদের পরিচালনাধীন তেল প্রকল্পের পরিধি বাড়াতে যাচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। দেশটির সান ক্রিস্টোবাল ও কারাবোবো তেল প্রকল্পের পরিচালনার দায়িত্ব (অপারেটরশিপ) পেতে উন্নত পর্যায়ে আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটির বিদেশি কার্যক্রম পরিচালনাকারী শাখা ওএনজিসি ভিডেশ। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হতে পারে বলে আশা করছে সংস্থাটি।

গত শুক্রবার (ফলাফল প্রকাশ-পরবর্তী এক সম্মেলনে) বিশ্লেষকদের সঙ্গে আলোচনায় এ তথ্য জানান ওএনজিসির পরিচালক (অর্থ) অনুপম আগরওয়াল। তিনি বলেন, অংশীদার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ভেনেজুয়েলা সরকারের সঙ্গেও আলোচনা চলছে। নতুন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অনুমোদন এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তরের (ওএফএসি) ছাড়পত্রও পাওয়া গেছে। চুক্তির বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ওএনজিসি ভিডেশের কাছে ভেনেজুয়েলার সান ক্রিস্টোবাল তেল প্রকল্পের ৪০ শতাংশ মালিকানা রয়েছে। বাকি ৬০ শতাংশের মালিক দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনেজুয়েলা এসএ (পিডিভিএসএ)। অন্যদিকে, কারাবোবো প্রকল্পে ওএনজিসি ভিডেশের অংশীদারত্ব ১১ শতাংশ।

অনুপম আগরওয়াল জানান, চুক্তি সম্পন্ন হলে সান ক্রিস্টোবাল প্রকল্পের সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব পাবে ওএনজিসি ভিডেশ। আর কারাবোবো প্রকল্পে প্রতিষ্ঠানটি যৌথভাবে পরিচালনার দায়িত্ব পালন করবে। প্রকল্প দুটিতে কাজ শুরু করার জন্য তারা প্রস্তুত রয়েছে।

এদিকে ভেনেজুয়েলায় আটকে থাকা ৫০ কোটি ডলারের বেশি লভ্যাংশ উদ্ধারের বিষয়েও আশাবাদী ওএনজিসি। পরিচালনার দায়িত্ব পাওয়ার পর এ অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের পরিচালক।

তিনি ব্যাখ্যা করেন, আগের ব্যবস্থায় ওএনজিসি ভিডেশের উৎপাদিত অপরিশোধিত তেল সরাসরি বিক্রির বা উত্তোলিত তেল গ্রহণের অধিকার ছিল না। তেল বিক্রির অধিকার ছিল ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির হাতে। এ কারণেই প্রতিষ্ঠানটির লভ্যাংশ আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

তবে নতুন ব্যবস্থায় ওএনজিসি ভিডেশ নিজেরাই প্রকল্প পরিচালনা, উৎপাদিত তেল গ্রহণ ও বিক্রির দায়িত্ব পালন করবে। পাশাপাশি ভেনেজুয়েলা সরকারের কাছে রাজস্ব ও অন্যান্য আর্থিক দায়দায়িত্বও পরিশোধ করবে। এসব দায়িত্ব পালনের পর অবশিষ্ট অর্থ থাকবে ওএনজিসি ভিডেশের কাছে। এর মাধ্যমে আটকে থাকা লভ্যাংশ উদ্ধারের পথ তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

রাশিয়ায় আটকে থাকা লভ্যাংশের বিষয়ে অনুপম আগরওয়াল জানান, ভ্যানকর প্রকল্পে আটকে থাকা অর্থ ব্যবহার করে সাখালিন-১ প্রকল্পের পরিত্যক্তকরণ তহবিলসংক্রান্ত দায়দায়িত্ব পূরণ করেছে ওএনজিসি।

এ ছাড়া রাশিয়ার সাখালিন তেলক্ষেত্রে দৈনিক গড়ে ১ লাখ ৮৩ হাজার ব্যারেল তেল উৎপাদন হচ্ছে বলে জানান তিনি। ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন সংঘাতের আগে উৎপাদনের পরিমাণ প্রায় একই পর্যায়ে ছিল। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে সাখালিন-১ প্রকল্পে পুনরায় যুক্ত হয় ওএনজিসি ভিডেশ।

তথ্যসূত্র : দ্য হিন্দু ও রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights