সরকারি তথ্য ফাঁস: ইউক্রেন যুদ্ধে রুশ সেনা নিহত সাড়ে ৪ লাখ
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রাণহানির ভয়াবহ চিত্র সামনে এসেছে। ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার লাখ ৫০ হাজারের বেশি রুশ নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে।
দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের চিত্র তুলে ধরছে। ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চলা সোভিয়েত-আফগান যুদ্ধে প্রায় ১৩ হাজার সোভিয়েত সেনা নিহত হন। ইউক্রেন যুদ্ধে প্রাণহানির সংখ্যা সেই হিসাবকে বহুগুণে ছাড়িয়েছে।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে দ্য মস্কো টাইমসকে বলেন, রুশ হতাহতের বিষয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনা। তার মতে, যুদ্ধটি এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী পর্যায়ে পৌঁছেছে।
হ্যাকিংয়ে জড়িত কারা?
প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ওয়েবসাইট ও আঞ্চলিক পোর্টালে সাইবার হামলা চালায় বেলারুশিয়ান সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গ্রুপ। হামলার সময় সংস্থাটির মূল ওয়েবসাইটে বিভিন্ন বার্তা প্রকাশ করে তারা। রাশিয়ায় ‘চরমপন্থী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ এই দুটি গোষ্ঠীর দাবি, তারা রাশিয়ার অর্থনীতি, জনসংখ্যাতাত্ত্বিক পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধে প্রাণহানির তথ্যসহ বিপুল পরিমাণ নথি চুরি করেছে।
রসস্ট্যাটও ১ নভেম্বর তাদের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলার কথা স্বীকার করে। তবে সংস্থাটি দাবি করে, তাদের কোনো তথ্যভান্ডার হ্যাক হয়নি এবং আইনগতভাবে সুরক্ষিত কোনো তথ্য ফাঁস হয়নি। অন্যদিকে, হ্যাকারদের তথ্য চুরির দাবির সত্যতা স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি।
সাইলেন্ট ক্রোর হিসাব অনুযায়ী, নিহতদের তালিকায় সক্রিয় সেনাসদস্যদের পাশাপাশি বিমান হামলা এবং ২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অভিযানে নিহত বেসামরিক নাগরিকেরাও আছেন। তবে নিখোঁজ সেনা ও রুশ বাহিনীতে নিয়োগ পাওয়া প্রায় ২৭ হাজার বিদেশি যোদ্ধার মৃত্যুর তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
তথ্যের সত্যতা যাচাইয়ে দ্য মস্কো টাইমস মিডিয়াজোনা ও বিবিসি রুশের ‘কাউন্টিং দ্য ডেড’ নামের উন্মুক্ত তথ্যভান্ডারের সঙ্গে ফাঁস হওয়া নথি মিলিয়ে দেখেছে। এ জন্য মৃত্যুর ৫০টি তথ্য নমুনা হিসেবে পরীক্ষা করা হয়। সেগুলোর সঙ্গে ফাঁস হওয়া তথ্যের মিল পাওয়া গেলেও পুরো তথ্যভান্ডারের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।
এদিকে, আন্তর্জাতিক বিভিন্ন মূল্যায়নেও রাশিয়ার বিপুল প্রাণহানির চিত্র উঠে এসেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সেপ্টেম্বরের শুরুতে জানিয়েছিল, রাশিয়ার পক্ষে যুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। আহতসহ মোট হতাহতের সংখ্যা ১৫ লাখ পর্যন্ত হতে পারে বলে তাদের মূল্যায়নে উল্লেখ করা হয়।
প্রতিকিলোমিটার জমি দখলে চড়ামূল্য
পরিসংখ্যানে উঠে এসেছে যুদ্ধের আরেকটি নির্মম চিত্র। ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পর থেকে দখল করা প্রতি এক কিলোমিটার ভূখণ্ডের বিপরীতে গড়ে ৬ দশমিক ২ জন রুশের মৃত্যু হয়েছে। যুদ্ধের বছর যত গড়িয়েছে, ভূখণ্ড দখলের মূল্যও তত বেড়েছে। সাম্প্রতিক সময়ে সম্মুখযুদ্ধে রাশিয়ার অগ্রগতি কমে এলেও নিবন্ধিত মৃত্যুর সংখ্যা বেড়েছে।
রাশিয়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর ওপরও যুদ্ধের প্রভাব পড়ছে অসমভাবে। গবেষক মারিয়া ভিউশকোভা দ্য মস্কো টাইমসকে বলেছেন, রুশ সরকারের সেনা নিয়োগনীতি দেশটির কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। তার ভাষায়, এসব জনগোষ্ঠীর কোনো কোনোটি পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
ভিউশকোভার মতে, এসব জনগোষ্ঠীর পুরুষদের সেনাবাহিনীতে যোগ দিতে আকৃষ্ট করা হচ্ছে বেশি বেতনের প্রলোভন দেখিয়ে। বাহিনীতে যোগ দিলে অনেক বেশি বেতন দেওয়া হচ্ছে। যুদ্ধে নিহত হলে তাদের পরিবারের জন্যও রয়েছে বড় অঙ্কের আর্থিক সুবিধা। এছাড়া কারাবন্দিদের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যা কারাগার থেকে বের হওয়ার একটি পথ হিসেবেও ব্যবহার করছে আসামিরা।
সূত্র: মস্কো টাইমস
