দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হারের পর এবার বড় ধাক্কা খেল ইন্টার মিলান। চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। আগামী মাসের আন্তর্জাতিক বিরতির আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইন্টার মিলান জানায়, মার্তিনেজের বাঁ ঊরুর ফ্লেক্সর পেশিতে চোট ধরা পড়েছে। প্রাথমিকভাবে চোটটি যতটা হালকা মনে করা হয়েছিল, বাস্তবে পরিস্থিতি তার চেয়ে কিছুটা জটিল।

এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগ ও সিরি আ মিলিয়ে অন্তত সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ইন্টার অধিনায়ক। এসব ম্যাচে বোলোনিয়া, শাখতার দোনেৎস্ক, ফিওরেন্তিনা, ভেনেজিয়া, এসি মিলান, ফেয়েনুর্দ ও কোমোর মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইন্টারের। এর মধ্যে এসি মিলানের বিপক্ষে হাইভোল্টেজ ‘মিলান ডার্বি’ও রয়েছে।

ইন্টার মিলান জানায়, রোজানোর হিউম্যানিটাস ইনস্টিটিউটে বৃহস্পতিবার মার্তিনেজের শারীরিক পরীক্ষা ও ডায়াগনস্টিক টেস্ট সম্পন্ন হয়েছে। পরীক্ষায় তাঁর বাঁ ঊরুর ফ্লেক্সর পেশিতে সমস্যা ধরা পড়ে। মাঠে ফিরতে কত দিন লাগতে পারে, তা নির্ধারণে আগামী দিনগুলোতে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হবে।

ক্লাব ব্রুগের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেজ লিখেছিলেন, ‘মাথা নিচু রেখে কঠোর পরিশ্রম করে যেতে হবে; উন্নতি করার এটাই একমাত্র পথ।’

সাধারণত এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। সে হিসাবে আগামী ৩১ অক্টোবর এসি মিলানের বিপক্ষে ডার্বির আগে ফিট হয়ে ফেরার আশা করতে পারেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে তাঁর ফেরার বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি ইন্টার মিলান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights