‘আপনারা সময়মতো বিল পাঠান না’, সংসদে মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক
মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর জাতীয় সংসদে সময়মতো বিল উপস্থাপন না করায় মন্ত্রীদের সতর্ক করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপনের পর এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

এদিন সন্ধ্যার পর সংসদের অধিবেশনে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ নামে খসড়া বিলটি উত্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে বিল উত্থাপন করতে চার মাস সময় পার হওয়ার বিষয়টি উল্লেখ করে ডেপুটি স্পিকার এ উষ্মা প্রকাশ করেন।

গত ২৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে খসড়া বিলটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয় থেকে সংসদে বিল পাঠাতে দেরি হওয়ায় এর আগেও ডেপুটি স্পিকার সংসদে এ বিষয়ে সতর্ক করেছেন।

ডেপুটি স্পিকার বলেন, এই চার মাসে, আপনার এক্সিকিউটিভের (নির্বাহী বিভাগ) পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে এলো যে, আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার—কনডোনেশন অব টাইম) করতে হলো? আমি অনুমতি দিচ্ছি। বাট এটা বোধ হয় আগেও দুই-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরেও এক্সিকিউটিভ পার্ট থেকে লেজিসলেচারকে (আইন বিভাগ) আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে সদস্যরা বিলটা দেখতে পারেন না।

মন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights