আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি
আদালত প্রতিবেদক
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়েছেন গার্মেন্টসকর্মী আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া।
মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান তিনি।
আজ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।আদালতের কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় ছিলেন কাউসার। এ সময় তাকে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা কনস্টেবল আরাফাত আদালতের সামনে গেলে সেই সুযোগে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখান দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার বাথরুমে ছুরিকাঘাতে হত্যা করা হয় আলো আক্তারকে। পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। পরে টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের কথা উল্লেখ করেন তিনি।
২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরের বছর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। মামলায় এখন পর্যন্ত দু’জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এদিন, কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় আগামী ২৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
