নারায়ণগঞ্জের সেই মাদ্রাসায় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিলো না: ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিলো না বলে জানিয়েছেন কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তার নেতৃত্বে ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসার কোথাও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আমরা দেখতে পাইনি। অগ্নিনির্বাপণ যন্ত্রও ছিল না। শুধু পাইপ দিয়ে একটি পানির লাইন নেয়া হয়েছিলো। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিলো না। তবে আগুন লাগা ভবনের সাথেই একটি বড় পানির হাউজ ছিলো। যেটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। হাউজের পানি দিয়ে তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যথায় সহজে আগুন নিয়ন্ত্রণ করা যেতো না।

এ বিষয়ে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আতিকুর রহমান বলেন, আগে কখনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। যার কারণে অগ্নিনিরাপত্তার কথা চিন্তা করা হয়নি। তবে এখন থেকে এই বিষয়ে সতর্ক থাকবো। এর আগে মঙ্গলবার রাত ২ টায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৫ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, নারায়ণগঞ্জের মাদরাসায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছেন। তাদের মধ্যে শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বিবেচনায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে চারজনকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights