সৌদির বিমানবন্দর, তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের
অনলাইন ডেস্ক
সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে একাধিক হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কয়েকটি পাম্পিং স্টেশন এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনা তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে গোষ্ঠীটি।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব হামলার কথা জানান।
তিনি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের কয়েকটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় আবকাইক এলাকায় সৌদি আরামকোর একটি স্থাপনা এবং রিয়াদের আর্থিক কেন্দ্রেও হামলার দাবি করেন তিনি।
তবে এসব হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা স্থাপনাগুলোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি হুতি মুখপাত্র।
এদিকে, হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে পরবর্তী সময়ে সৌদি জ্বালানি মন্ত্রণালয় রিয়াদের আর্থিক এলাকায় আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়। ক্ষয়ক্ষতি সীমিত ছিল এবং এতে কেউ হতাহত হননি বলে জানানো হয়।
উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুতিদের হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে দেশটির তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোতে হামলার আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। সূত্র: আল-জাজিরা
