অ্যাপের ঝুঁকি নিরাপত্তায় পিছিয়ে অধিকাংশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকলেও সন্দেহজনক লেনদেন বা অস্বাভাবিক কার্যক্রমের ঝুঁকি বুঝে নিরাপত্তা জোরদার করতে পিছিয়ে দেশের অধিকাংশ ব্যাংক। কোনো প্রতারক গ্রাহকের পাসওয়ার্ড বা পরিচয়সংক্রান্ত তথ্য হাতিয়ে নিলে বাড়তি নিরাপত্তাব্যবস্থা দিয়ে তা ঠেকানোর সক্ষমতাও সীমিত। এতে ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহকের অর্থ ও তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় এই বিষয়গুলো ওঠে এসেছে। ৩৪টি ব্যাংকে ওই গবেষণা পরিচালিত হয়। গতকাল রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘ব্যাংকিং অ্যাপস সিকিউরিটি ইন বাংলাদেশ : কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ওই গবেষণা ও জরিপের ফলাফল তুলে ধরা হয়।

জরিপের ফলাফল দেখা গেছে, অংশ নেওয়া ব্যাংকগুলোর মাত্র ১৬ শতাংশ অ্যাডাপটিভ অথেনটিকেশন বা ঝুঁকিভিত্তিক উন্নত পরিচয় যাচাই প্রযুক্তি ব্যবহার করে। আর মাত্র ৩১ শতাংশ ব্যাংকের অ্যাপভিত্তিক লিখিত সাইবার নিরাপত্তা ঘটনা মোকাবিলার পরিকল্পনা রয়েছে, যা নিয়মিত পরীক্ষা করা হয়।

গবেষণায় দেখা যায়, ৭৮ শতাংশ ব্যাংক ডিভাইস বাইন্ডিংয়ের পাশাপাশি পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রেখেছে। তবে অ্যাডাপটিভ অথেনটিকেশন ব্যবহার করে মাত্র ১৬ শতাংশ। এ প্রযুক্তিতে লেনদেনের ধরন, গ্রাহকের আচরণ ও ঝুঁকির মাত্রা বিবেচনায় অতিরিক্ত পরিচয় যাচাই করা যায়।

গ্রাহককেন্দ্রিক জালিয়াতির মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। এসব ক্ষেত্রে গ্রাহককে বিভ্রান্ত করে গোপন তথ্য সংগ্রহ করে প্রতারকেরা। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট দখল ও পরিচয়সংক্রান্ত তথ্য চুরির ঘটনা। ব্যাংকগুলো সচেতনতামূলক কার্যক্রম চালালেও গ্রাহকের আচরণে এর প্রভাব নিয়মিত মূল্যায়নের প্রবণতা কম। তৃতীয় পক্ষের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও তদারকির ঘাটতি রয়েছে। জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ ব্যাংক বাইরের প্রযুক্তি সরবরাহকারীর তৈরি অ্যাপ ব্যবহার করে। অথচ মাত্র ৩৪ শতাংশ ব্যাংক তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে। এ ছাড়া ৮১ শতাংশ ব্যাংকে নিরাপত্তাসংক্রান্ত ঘটনা সংরক্ষণের ব্যবস্থা থাকলেও মাত্র ৪৪ শতাংশ ব্যাংক এপিআই ট্রাফিক তাৎক্ষণিক পর্যবেক্ষণ করে। সাইবার নিরাপত্তায় বাজেট ও জনবলের সংকটও রয়েছে। ৪৭ শতাংশ ব্যাংক বাজেটের সীমাবদ্ধতা এবং সমানসংখ্যক ব্যাংক পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাবকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। ৩৮ শতাংশ ব্যাংক জানিয়েছে দক্ষ সাইবার নিরাপত্তাকর্মীর সংকটের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights