ব্রি উদ্ভাবিত আমনে সোনালি অধ্যায়

নজরুল মৃধা, রংপুর

রংপুর অঞ্চলে ব্রি উদ্ভাবিত আমন ধান চাষে সোনালি অধ্যায়ের সূচনা হয়েছে। এ ধানে ফলন হয়েছে প্রায় দ্বিগুণ। সেই হিসেবে ৪০ শতাংশ ব্রি উদ্ভাবিত ধানে কৃষকের বাড়তি উৎপাদন হয়েছে প্রায় ৬ লাখ মেট্রিন টন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রংপুর অঞ্চলের ৫ জেলায় এবার আমন ধানের আবাদ হয়েছে সোয়া ৬ লাখ হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় আড়াই লাখ হেক্টর জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান উৎপাদন হয়েছে। সাধারণত প্রতি হেক্টরে ৩ থেকে সাড়ে ৩ টন ফলন পাওয়া যায় এবং স্বর্ণা জাতীয় ধান সর্বোচ্চ ৪ টন পাওয়া যায়। কিন্তু ব্রি উদ্ভাবিত ব্রি ধান ১০৩, ৭৫, ব্রি ধান ৮৭, ব্রি ধান ৯৩, ৯৪, ৯৫ ও ব্রি হাইব্রিড ধানে ফলন পাওয়া গেছে ৬ থেকে সাড়ে ৬ মেটিক টন করে। সবমিলিয়ে এ বছর গত বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি ধান চাষ হয় এবং ফলন ভালো হয়েছে।

রংপুর ব্রি অফিস জানায়, পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবিলা করে ধানের ফলন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা টেকসই করা একটি বড় চ্যালেঞ্জ। এ ছাড়া কৃষি জমির পরিমাণ, জমির উর্বরতা, ভূগর্ভস্থ পানিসহ প্রাকৃতিক সম্পদ এবং কৃষি শ্রমিক ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই বাস্তবতায় ধান উৎপাদনে সীমিত সম্পদ ব্যবহার করে উচ্চ ফলনশীল আধুনিক জাত ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণের মাধ্যমে ফলন বাড়ানো কৃষি সংশ্লিষ্ট বিভাগগুলোর অন্যতম লক্ষ্য। রংপুর ব্রি কার্যালয়ের প্রধান চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. হুমায়ুন কবীর বলেন, এবার প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমনের ফলন ভালো হয়েছে। কৃষকরা ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান প্রতি হেক্টরে ৬ থেকে সাড়ে ৬ মেট্রিক টন করে ফলন পেয়েছেন, যা সাধারণ আমনের চেয়ে প্রায় দ্বিগুণ। সেই হিসেবে ৪০ শতাংশ ব্রি উদ্ভাবিত ধানে কৃষকের বাড়তি উৎপাদন হয়েছে প্রায় ৬ লাখ মেট্রিন টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights