সুন্দরবনে বেড়েছে কার্বন ধারণক্ষমতা

শেখ আহসানুল করিম, বাগেরহাট

বাংলাদেশের ‘ফুসফুস’ খ্যাত সুন্দরবন প্রতিদিন প্রায় ১৫ কোটি মেট্রিক টন বিশুদ্ধ অক্সিজেন বায়ুমণ্ডলে মুক্ত করে কোটি কোটি মানুষের অক্সিজেনের জোগান নিশ্চিত করছে। সুন্দরবনে সুন্দরী গাছের আগামরা (টপডাইং) রোগের প্রকোপ কমে আসায় কার্বন ধারণ ক্ষমতা ২১ শতাংশ বা ১৪ লাখ মেট্রিক টনে পৌঁছেছে, গত চার দশকের মধ্যে রেকর্ড। সুন্দরী গাছের কার্বন ধারণের ক্ষমতা বেড়ে রোগাক্রান্ত সুন্দরী গাছের সংখ্যা কমেছে ৬ শতাংশ। আর সমগ্র সুন্দরবনে সুন্দরী গাছের সংখ্যা বেড়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ বা ৫ শতাংশ। এই অবস্থায় ম্যানগ্রোভ এ বনের বাংলাদেশ অংশে এখন ৫ কোটি ৬০ লাখ মেট্রিক টন কার্বন মজুত রয়েছে। আন্তর্জাতিক কার্বন বাজারের হিসেবে এই বিপুল পরিমাণ কার্বনের আর্থিক মূল্য প্রায় ১৮ হাজার ৮১৬ কোটি টাকা। এই ম্যানগ্রোভ বনের ইকোসিস্টেম প্রতি বছর বায়ুমণ্ডল থেকে শোষণ করছে প্রায় ৪ কোটি মেট্রিক টনেরও বেশি কার্বন-ডাই-অক্সাইড। সুন্দরবনের এই কার্বন শোষণ ক্ষমতা পুঁজি করে গত এক বছরে জাতীয় আয়ের নতুন উৎস আন্তর্জাতিক ‘কার্বন ক্রেডিট’ বাজার থেকে প্রায় ২ বিলিয়ন ডলার আয় হয়েছে। এই অবস্থায় এ বছর দেশে একটি নিজস্ব ‘কার্বন এক্সচেঞ্জ সেন্টার’ প্রতিষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুর, লন্ডনের পর ঢাকা এখন এশিয়ার কার্বন ট্রেডিংয়ের অন্যতম হাবে পরিণত হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা বৃদ্ধির কারণে সুন্দরবনের এই ‘কার্বন স্টক’ ঝুঁকির মুখে পড়েছে। বন বিভাগের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনে সুন্দরী গাছের আগামরা (টপডাইং) রোগ একটি শতাব্দী প্রাচীন পরিবেশগত সমস্যা। এ রোগে সুন্দরী গাছের মাথার দিকের ডালপালা ও পাতা ধীরে ধীরে শুকিয়ে মরে গিয়ে গাছের কাণ্ড খাঁটো হয়ে যায়। এখন এ রোগের প্রকোপ কমে আসায় কার্বন ধারণ ক্ষমতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ওই কর্মকর্তা আরও জানান, অক্সিজেনের জোগান বাড়ায় সুন্দরবনে এখন নতুন করে সুন্দরী গাছের বাগান সৃষ্টি হচ্ছে। সবুজায়ন বেড়েছে। প্রতিটি গাছের ডিজিটাল আইডি করা হয়েছে। এ বছর নতুন করে কার্বন স্টক নির্ধারণে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গে বন বিভাগ ‘ব্লু কার্বন ফর দ্য ফিউচার, ইনহ্যান্সিং দ্য রোল অব সুন্দরবন ইকোসিস্টেম সার্ভিসেস অ্যান্ড কনজারভেশন অব কার্বন স্টকস’ প্রকল্পে বিশেষজ্ঞরা সুন্দরবনের কার্বন ধারণক্ষমতা আরও নিখুঁতভাবে নিরূপণ করতে আধুনিক ও উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তির সহায়তায় কাজ করবেন। আশা করছি এ প্রকল্পের কাজ শেষ হলে কার্বন স্টক আরও বাড়বে। এ বিষয়ে সুন্দরবন বিশেষজ্ঞ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার জানান, সুন্দরবনে সুন্দরী গাছের আগামরা রোগ আগের যেকোনো সময়ের তুলনায় কমেছে। সুন্দরী গাছ লবণাক্ততার সঙ্গে তীব্র লড়াই করে টিকে রয়েছে। তবে ঠিক কি কারণে আগামরা রোগ হয় তা এখনো সুনির্দিষ্টভাবে বৈজ্ঞানিক গবেষণায় নিশ্চিত হওয়া যায়নি। আগামরা রোগ নিয়ন্ত্রণ করতে হলে শুধু আক্রান্ত গাছ শনাক্ত করলেই হবে না, রোগটির প্রকৃত কারণ নির্ণয়, দীর্ঘমেয়াদি মনিটরিং, বন ব্যবস্থাপনা এবং সুন্দরী গাছের প্রাকৃতিক পুনর্জন্ম নিশ্চিত করতে হবে। বিষয়টিকে বাংলাদেশের বন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ গবেষণায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights