ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বিপিসি
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম এবং নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সিন্ডিকেট দেশে জ্বালানি তেলের সংকট তৈরির চেষ্টা করলেও বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) সতর্কতামূলক পদক্ষেপে তা ভেস্তে গেছে। একই সঙ্গে যেসব সরবরাহকারী প্রতিষ্ঠান চুক্তির পরও তেল দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্রায়ত্ত এ সংস্থা। বিপিসির একটি দায়িত্বশীল সূত্র বাংলাদেশ প্রতিদিনকে গতকাল জানিয়েছে, জ্বালানি তেল নিয়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী সিন্ডিকেটের ষড়যন্ত্রের চেষ্টা থাকলেও আপাতত নভেম্বর-ডিসেম্বরে কোনো সংকট হবে না।
বাংলাদেশ প্রতিদিনের গত বৃহস্পতিবার প্রকাশিত ‘জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, চলতি নভেম্বর মাসের জন্য পূর্বনির্ধারিত জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহকারীরা বিপিসিকে দিতে অপারগতা জানায়। এ বিষয়ে বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নভেম্বর মাসে আমরা সাধারণ সময়ের তুলনায় বেশি চাহিদা দিয়েছিলাম। কারণ, আমাদের একটা আশঙ্কা ছিল যে নভেম্বর মাসে যদি কোনো সাপ্লায়ার রিফিউজ বা ক্যানসেল করে, তাহলে যেন আমাদের সাপ্লাই চেইনে বা ভলিউমে কোনো সমস্যা না হয়।
আগাম সতর্কতার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, মনে করেন আমাদের চাহিদা মেটাতে ১৫টি কার্গো লাগবে, সেখানে আমরা হয়তো ২০টি কার্গোর চাহিদা দিয়েছিলাম। এখন অতিরিক্ত যে ৫টি দেওয়া হলো, তার মধ্যে কোন পাঁচজন আসলে রিফিউজ করবে, তা আগে থেকে জানা যায় না। যেহেতু এটি কোনো স্বাভাবিক সময় নয় এবং আমরা আগেই বেশি কার্গোর চাহিদা দিয়ে রেখেছিলাম, তাই নভেম্বরে আমাদের যে ভলিউম আসছে তা দিয়ে নভেম্বর ও ডিসেম্বরে দেশে জ্বালানির কোনো সমস্যা হবে না।
চুক্তির পরও জ্বালানি তেল সরবরাহে অপারগতা প্রকাশ করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে-এমন প্রশ্নের জবাবে বিপিসির এ কর্মকর্তা বলেন, যেসব প্রতিষ্ঠান এখন রিফিউজ করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী বছরে যখন পারফরম্যান্স মূল্যায়ন হবে, তখন যারা ভালো পারফর্ম করেনি বা রিফিউজ করেছে, তারা আগামী বছর অ্যালোকেশনে (বরাদ্দ) কম পাবে। তাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই এই ইভ্যালুয়েশন হবে।
বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি আরও বিস্তারিত বলেন, নভেম্বর মাসে স্বাভাবিকভাবেই কিছু চ্যালেঞ্জ থাকায় বিভিন্ন সরবরাহকারী তেলের চালানের কার্গোগুলো বিলম্ব করেছে। এর মধ্যে কিছু কার্গোর চালান পিছিয়ে ডিসেম্বরে নিয়েছে এবং কিছু কার্গো সরবরাহ করতে পারবে না বলে জানিয়েছে। আমরা আশঙ্কা থেকেই কিছু অতিরিক্ত কার্গো আমদানি করতে চেয়েছিলাম। ধারণা করছিলাম যে চলমান বৈশ্বিক অবস্থার কারণে কোনো সরবরাহকারী হয়তো লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে জাহাজ পাওয়া যাচ্ছে না, আবার প্রত্যেকের নিজস্ব চাহিদা বেড়ে গেছে, ক্রুডের সরবরাহ কমে গেছে-এ চ্যালেঞ্জগুলোর জন্য আমাদের যত সরবরাহকারী ছিল তাদের কাছে বেশি পরিমাণে তেল চেয়েছি। নভেম্বরের জন্য পূর্বনির্ধারিত জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহকারীরা দিতে পারবেন না বলে বিপিসিকে জানিয়েছেন। তবে এ পর্যন্ত যে কার্গোগুলো আমরা পেয়েছি তা দিয়ে নভেম্বরের চাহিদা পূরণ হবে এবং ডিসেম্বর মাস নিয়ে যে পরিকল্পনা করছি তাতে চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে তেলের সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না। এতে মোট সরবরাহ লাইনে কোনো প্রভাব পড়বে না। উল্লেখ্য, নভেম্বরে তেল সরবরাহে অপারগতা প্রকাশ করা চালানগুলোর সিংহভাগের সঙ্গেই বিগত ১৭ বছর ধরে জ্বালানি খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী ডা. এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিস লিমিটেডের সংশ্লিষ্টতা রয়েছে।
বিপিসির তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক পরিশোধিত জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ছয়টির স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে ডা. এজাজুর রহমানের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে। এর মধ্যে সেভেন মার্কের মাধ্যমে সিঙ্গাপুরের ইউনিপেক এবং ইন্দোনেশিয়ার বিএসপি-জাপিনের প্রতিনিধিত্ব করা হয় বলে তথ্য পাওয়া গেছে। অন্যদিকে ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেডের সঙ্গে পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং, ভিটল এশিয়া এবং সায়নোকেম ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিত্বের সম্পর্ক রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানগুলো পৃথক হলেও বাংলাদেশে তাদের স্থানীয় ব্যবসায়িক যোগাযোগের একটি উল্লেখযোগ্য অংশ একই বলয়ের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
সিন্ডিকেটের যোগসাজশে দীর্ঘমেয়াদি চুক্তির চালান বাতিল করা হচ্ছে, আবার অত্যন্ত গোপনে ওটিএম (উন্মুক্ত দর) পদ্ধতিতে তাদেরই বাড়তি প্রিমিয়ামে ডিজেল ও জেট ফুয়েল সরবরাহের কাজ দেওয়া হচ্ছে। এর ফলে বিপিসিকে এক চালানেই প্রায় ১৮২ কোটি টাকা বাড়তি গচ্চা দিতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সিন্ডিকেটের এ কারসাজির কারণে রাষ্ট্র আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বিপিসির আগাম প্রস্তুতির কারণে আপাতত সাধারণ মানুষের জন্য জ্বালানি সংকট হচ্ছে না, এটি বড় স্বস্তির খবর। তবে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিরবচ্ছিন্ন রাখতে কালো তালিকাভুক্ত ও চুক্তিবর্ধক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি এই সিন্ডিকেট ভেঙে নতুন প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
