বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
শাহ্ দিদার আলম নবেল, আনতালিয়া (তুরস্ক) থেকে
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা। তাঁদের বক্তব্যে উঠে এসেছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জলবায়ু ঝুঁকি হ্রাসে অর্থায়ন বৃদ্ধি, উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অধিকার, মিথেনসহ ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণের বিষয়।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব পিছিয়ে পড়ছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আন্তর্জাতিক সংহতি জোরদারের আহ্বান জানিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, যুদ্ধ ও বাণিজ্য বিরোধের কারণে বিশ্বনেতাদের আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব হারাচ্ছে। আর জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল মিথেন নিঃসরণ কমানোকে দ্রুততম ও সাশ্রয়ী জলবায়ু পদক্ষেপগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘জলবায়ু সংকটের গতি মানুষের পদক্ষেপের চেয়ে অনেক বেশি। ২০২৫ সালে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত চার বছর ছিল ইতিহাসের উষ্ণতম সময়। জলবায়ুজনিত দুর্যোগ বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতি বিপর্যস্ত করছে।’ তিনি বলেন, ‘প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু বিজ্ঞান বলছে, এ সীমা অতিক্রম করা এখন প্রায় অনিবার্য। তবে এর অর্থ এই নয় যে লড়াই থামিয়ে দিতে হবে।’ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এমন এক সময়ে চলছে, যখন আন্তর্জাতিক ব্যবস্থা যুদ্ধ, সংকট, অভিবাসন, দুর্ভিক্ষ ও দারিদ্র্যের মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব পরিস্থিতিতে আন্তর্জাতিক সংহতির প্রয়োজন প্রতিদিন বাড়ছে।’ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, ‘কপ৩০-এর পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে যে উদ্দীপনা তৈরি হয়েছিল, চলতি বছর তা অনেকটাই কমে গেছে। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জি৭ ও জি২০ বৈঠকেও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা কমেছে।’
চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোকে নিঃসরণ কমানোর ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে এবং জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘কপ৩১ এমন একটি সম্মেলন হওয়া উচিত, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা বাস্তব ফল বয়ে আনবে। পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে বিনিয়োগ, অর্থনীতির বিদ্যুতায়ন, সমুদ্র সুরক্ষা এবং জলবায়ু অর্থায়ন বাড়াতে হবে।’ তিনি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতি বিশেষ সংহতি জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শান্তিকালীন জলবায়ু অঙ্গীকার এবং যুদ্ধের সময় পরিবেশগত ক্ষতির দায়ের মধ্যে কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। সামরিক আগ্রাসনের কারণে পরিবেশের যে ক্ষতি হয়, তা নথিভুক্ত ও মূল্যায়নের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে।’
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, ‘ভবিষ্যৎকে সাশ্রয়ী ও নিরাপদ করতে হলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ আরও দ্রুত কমাতে হবে। যেসব দেশের জলবায়ু সংকট সৃষ্টিতে দায় বেশি এবং পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রয়েছে, তাদেরই এ দশকে আরও গভীরভাবে নিঃসরণ কমানোর উদ্যোগ নিতে হবে।’
স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পির্চ মুসার বলেন, ‘ধাপে ধাপে উত্তরণের কথা বলে অনির্দিষ্টকালের জন্য জলবায়ু পদক্ষেপ পিছিয়ে দেওয়া যাবে না।’ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেন, ‘বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত রাখার মূল্য জলবায়ু ও জ্বালানি নিরাপত্তা-দুই ক্ষেত্রেই বিশ্বকে দিতে হচ্ছে। এ কারণে পরিচ্ছন্ন জ্বালানির দিকে উত্তরণ আরও জোরদার করতে হবে।’ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, ‘সংকট সৃষ্টিতে যেসব দেশের দায় সামান্য, তা থেকে উত্তরণের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আরও ঋণ নিতে বাধ্য করা যায় না। জলবায়ুসহনশীলতা গড়ে তোলার নামে দেশগুলোকে টেকসই নয় এমন ঋণের বোঝায় ফেলা উচিত নয়।’ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল বলেন, ‘মিথেনসহ সুপার পলুট্যান্টের নিঃসরণ কমানো বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের দ্রুততম, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি। এতে অর্থনীতি, কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যেরও উন্নতি হবে।’
