সোনারগাঁওকে হারিয়ে ইউল্যাব চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের ফাইনালে সেঞ্চুরি করেন ফারহান জানি। তাঁর সেঞ্চুরিতে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ফাইনালে ইউল্যাব ৫৩ রানে হারিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটিকে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইউল্যাবের হাতে ট্রফি তুলে দেন রংপুর রাইডার্সের পরিচালক শেহজাদ আকবর সোবহান। ফাইনাল উপভোগ করে রংপুর রাইডার্সের পরিচালক শেহজাদ আকবর সোবহান বলেন, ‘দারুণ লড়াই হয়েছে। টুর্নামেন্টটি সবাই উপভোগ করেছেন। এবিজির এটা মাত্র শুরু। সামনে আরও বড় আয়োজনে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হয়েছে।’ ১০টি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে এবিজি স্পোর্টস সিটিতে ২৫ অক্টোবর শুরু হয় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট। ২৯১ রান করে টুর্নামেন্ট-সেরা হন জাকিরুল আহমেদ। সেরা বোলার রাকিব। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ১০৯ রানে অপরাজিত থেকে ফাইনাল-সেরা হন ফারহান জানি। টুর্নামেন্ট-সেরার পুরস্কার জেতেন জাকিরুল আহমেদ। ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, ইস্ট ওয়েস্ট মিডিয়ার গণমাধ্যমগুলোর প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহ। টস জিতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন ইউল্যাবের ব্যাটাররা। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে পাহাড়সম ২০৫ রান করেন। সবচেয়ে বেশি আলো কেড়ে নেন ওপেনার ফারহান জানি। প্রতিপক্ষ বোলারদের পাত্তা না দিয়ে তিনি মাত্র ৬১ বলে ১০৯ রানের চোখজুড়ানো ও অনবদ্য ইনিংস খেলেন। তাঁর ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ১১ ছক্কায়। অধিনায়ক শাবাব জামিল ফিরদাউস ৩০ বলে ৩৬ রান (৩ চার, ২ ছক্কা), জাকিরুল ১৫ বলে ২৭ রান এবং মিরাজ মাহবুব নিলয় ১৬ বলে অপরাজিত ২৬ রান করে দলের সংগ্রহকে দুই শর (২০৫) ঘর পেরোতে দারুণ অবদান রাখেন।

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সোনারগাঁও ইউনিভার্সিটি। ইনিংসের প্রথম ওভারে শূন্য রানে উইকেট হারায়। প্রতিপক্ষ বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সোনারগাঁও। একপর্যায়ে মাত্র ৩৩ রানে টপ অর্ডারের ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার উপক্রম হয় দলটির। অবশ্য মিডল অর্ডারে ইয়াছিন ভূঁইয়া ৩৪ বলে ৪৮ রান (৬ ছক্কা) এবং লোয়ার অর্ডারে আসিফ হাসান অপরাজিত ২৯ ও ময়দুল ইসলাম অপরাজিত ১২ রানের ছোট কিন্তু ক্যামিও ইনিংস খেলে হারের ব্যবধান কমান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায় সোনারগাঁও ইউনিভার্সিটি। ইউল্যাবের সফল বোলার আরিফ আসিব ১২ রানের খরচে নেন ৪ উইকেট। শরিফুল ইসলাম শরিফ নেন ৩ উইকেট। সব মিলিয়ে অলরাউন্ড পারফরম্যান্স ও দলগত নৈপুণ্যে দুর্দান্ত এক ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলল ইউল্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights