এবিজি ইউনিভার্সিটি কাপ নতুন দিগন্তের সূচনা

ক্রীড়া প্রতিবেদক

যেমন রাজকীয় শুরু, তেমন রোমাঞ্চকর সমাপ্তি। তীব্র প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনা আর বর্ণিল আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর। দেশের ক্রীড়াচর্চাকে তৃণমূল থেকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয়ে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) এ উদ্যোগ ক্রীড়াঙ্গনে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। জাতীয় দল বা পেশাদার কোনো ক্লাব টুর্নামেন্ট নয়, কেবল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়েও যে এমন জমজমাট, আকর্ষণীয় ও পেশাদার মানের ক্রীড়া আসর আয়োজন করা সম্ভব, সেটা সবাইকে দেখিয়ে দিল এবিজি। গত ২৫ অক্টোবর দেশের প্রতিষ্ঠিত ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ফুটবল ও ক্রিকেট-দুই ডিসিপ্লিনে পর্দা উঠেছিল মেগা আসরের। গতকাল বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটির দৃষ্টিনন্দন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ ক্রিকেট ফাইনাল দিয়ে আসরটির সফল সমাপ্তি ঘটে। ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ফুটবল অপরাজিত চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামীতে ৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে এবিজির।

খেলোয়াড় তৈরির সংকটে থাকা দেশের ক্রীড়াঙ্গনে এবিজি কাপ নতুন আশার আলো দেখিয়েছে। এ আসরের অন্যতম বিশেষত্ব ছিল প্রতিটি ম্যাচে দেশবরেণ্য সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়দের অতিথি হিসেবে উপস্থিতি। তরুণ ক্রিকেটার ও ফুটবলাররা যখন তাঁদের স্বপ্নের নায়কদের হাত থেকে ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করেন, তাঁদের চোখেমুখে তখন ফুটে ওঠে আগামীর তারকা হওয়ার প্রবল অনুপ্রেরণা। ফাইনালে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহ। ফাইনাল উপভোগ করে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান বলেন, ‘আমরা চাই দেশের তরুণ সমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকুক। এবিজি স্পোর্টস সিটিতে কর্মসংস্থানেরও অনেক সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের যোগাযোগ তৈরি হচ্ছে। আমরা আশা করছি, এর মাধ্যমে এবিজি স্পোর্টস সিটিতে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হবে।’ টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ এবিজির পরিচালক আরও বলেন, ‘ফাইনালে আপনারা দেখেছেন, কয়েকজন ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করছে। তাদের যথাযথভাবে গাইড করা গেলে হয়তো শুরুতে জাতীয় দলে না হলেও অন্তত প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। তাদের পরিচর্যা করা গেলে ভবিষ্যতে জাতীয় দলেও সার্ভিস দিতে পারবে।’

এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট নিয়ে সন্তোষ প্রকাশ করে জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক বাশার বলেন, ‘চমৎকার সুযোগসুবিধা, ভালো উইকেট, আউটফিল্ড এবং মনোরম পরিবেশে বিশ্ববিদ্যালয়গুলো দারুণ উৎসাহ নিয়ে খেলছে। এটি আমাদের সামগ্রিক ক্রীড়া সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলাও গুরুত্ব পাচ্ছে। এটি ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছে।’ উচ্ছ্বসিত জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ বলেন, ‘ইউনিভার্সিটি লেভেলে এটা দারুণ একটা আয়োজন। এর থেকে বড় কোনো আয়োজন হতে পারে, এর আগে আমি দেখিনি। ডেফিনিটলি আমার মনে হয়, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখন যে পরিবেশে, যে সুযোগসুবিধার মধ্যে খেলতে পারছে, এটা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ের অনেক মানুষ এসেছেন। সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ।’

টুর্নামেন্টজুড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস পুরো আয়োজনকে পূর্ণতা দিয়েছে। কিংস অ্যারিনা কিংবা আনভীর ক্রিকেট স্টেডিয়াম, যে ভেন্যুতেই খেলা গড়িয়েছে, সেখানেই ছিল তরুণদের উপচে পড়া ভিড়। ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ম্যাচগুলো পেয়েছিল আন্তর্জাতিক আবহ। বসুন্ধরা গ্রুপ ও ক্রীড়াঙ্গন যে একে অপরের পরিপূরক, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্বপ্নদ্রষ্টা আহমেদ আকবর সোবহান দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানের উচ্চতায় নিয়ে যাওয়ার যে আকাশছোঁয়া স্বপ্ন দেখেন, তারই বাস্তব রূপায়ণ ঘটছে প্রতিনিয়ত। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের তরুণ সমাজকে মাঠমুখী করতে তিনি কাণ্ডারির ভূমিকা পালন করছেন। তাঁর সেই স্বপ্নপূরণের পথচলায় যোগ্য উত্তরসূরি হিসেবে নিরলস কাজ করে চলেছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। দেশের ক্রীড়া অবকাঠামোয় আধুনিকতার ছোঁয়া এনে দিতে তাঁর দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া কমপ্লেক্স ‘এবিজি স্পোর্টস সিটি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights